পুবের কলম ওয়েব ডেস্কঃ বিরাট পদক্ষেপ করল বিজেপি। ভোটের ফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় অশান্তি, বিরোধীদের ভয় দেখানো এবং দলীয় প্রভাব খাটানোর অভিযোগে কড়া পদক্ষেপ করল রাজ্য বিজেপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫০ -এর বেশি বিজেপি কর্মীকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে,  নির্বাচনে জয়ের পর কিছু কর্মী দলীয় নির্দেশ উপেক্ষা করে বিরোধী দলের কর্মীদের হুমকি দেওয়া,  মারধর,  এমনকি বিভিন্ন পার্টি অফিস দখলের মতো কাজে জড়িয়ে পড়েছেন।

এই ধরনের আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে প্রথম থেকেই স্পষ্ট বার্তা দিয়েছিল দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। 

সম্প্রতি এক সাংগঠনিক বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, দলকে অন্য কোনও রাজনৈতিক সংস্কৃতির পথে হাঁটতে দেওয়া হবে না। সাধারণ মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণ করাই দলের প্রধান দায়িত্ব। অটো, টোটো বা বিভিন্ন ইউনিয়নের দখলদারি রাজনীতি, বিরোধী দলের কার্যালয় দখল কিংবা ক্ষমতার অপব্যবহার করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেছিলেন তিনি। এরপরই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জেলার কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হয়েছে।

বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংগঠনবিরোধী কাজের অভিযোগেই এই শোকজ নোটিস পাঠানো হয়েছে। প্রায় সব জেলা থেকেই অভিযোগ জমা পড়েছে এবং প্রতিটি বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজেপি সূত্রে খবর, যাঁদের বিরুদ্ধে নোটিস জারি হয়েছে, তাঁরা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। যদিও আপাতত তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়নি। প্রথম ধাপে নিজেদের বক্তব্য জানাবার সুযোগ দিতেই শোকজ নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।