পুবের কলম ওয়েব ডেস্কঃ পরাজয়ের পর থেকেই তৃণমূলে অস্বস্তি অব্যাহত রয়েছে। একের পর পুরসভা হাতছাড়া হয়েছে। এবার জেলা পরিষদও হাতছাড়া হতে চলেছে। পদত্যাগ করলেন তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এনিয়ে জেলার রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। শুক্রবার তিনি মেদিনীপুর বিভাগের প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ফলে জেলা পরিষদের ভবিষ্যৎ পরিচালনা ও নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ সংক্রান্ত শুনানি হবে। তার পরেই চূড়ান্তভাবে পদত্যাগ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উত্তম বারিক বলেন, তিনি নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৭০। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল।
সেই সময় জেলা পরিষদের সভাধিপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উত্তম বারিক। পরবর্তীতে তিনি বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজ্যে পালাবদলের পর থেকেই উত্তম বারিককে জেলা পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে তুলনামূলকভাবে কম সক্রিয় দেখা যাচ্ছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। এমন পরিস্থিতিতে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত। তিনি বলেন, উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে তা স্বাগত।। একইসঙ্গে জেলার উন্নয়ন প্রসঙ্গে বিরোধী শিবিরের ভূমিকাও তুলে ধরেন তিনি।আরও পড়ুন:
এখন প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক দায়িত্ব কীভাবে পরিচালিত হবে। সূত্রের খবর, রাজ্য সরকার চাইলে প্রশাসক নিয়োগ করতে পারে। আবার বর্তমান সদস্যদের মধ্য থেকেই নতুন সভাধিপতি নির্বাচনের পথও খোলা রয়েছে। ফলে আগামী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলের।