পুবের কলম ওয়েব ডেস্ক: দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় আপাতত স্থিতাবস্থা বজায় রাখল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, আগামী ৬ অগস্ট পর্যন্ত ওই নির্মাণ ভাঙার ক্ষেত্রে আগের নির্দেশই বহাল থাকবে। ওই দিন দুপুর ২টোয় মামলাটির পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, গত ১৯ জুলাই, রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও বিশেষ এজলাস বসিয়ে কার্যালয়টি ভাঙার ওপর এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল আদালত।
আরও পড়ুন:
মঙ্গলবারের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎনাথ মিত্র দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের আগের অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহারের আবেদন করেন।
রাজ্যের যুক্তি ছিল, ৫০৯ এবং ৫১২ নম্বর দাগের জমির নির্মাণ ভাঙা নিয়ে মামলা দায়ের হলেও আদতে ভাঙার কাজ হয়েছে ৫০৭ নম্বর দাগে। অন্যদিকে, অভিষেকের সংস্থা ‘লিপস্ অ্যান্ড বাউন্ডস’-এর আইনজীবী কিশোর দত্ত স্থিতাবস্থার মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করেন। পাশাপাশি, তৃণমূলের তরফে আইনজীবী অয়ন ভট্টাচার্যও এই পদক্ষেপের বিরুদ্ধে নতুন করে আবেদন জমা দেন। অভিষেকের আইনজীবীর অভিযোগ, তাঁর মক্কেল ওই জমির প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও নির্মাণ ভাঙার আগে তাঁকে কোনও আইনি নোটিস দেওয়া হয়নি। কোন অভিযোগ বা নথির ভিত্তিতে নির্মাণটিকে বেআইনি আখ্যা দেওয়া হচ্ছে, তা-ও জানানো হয়নি বলে তিনি দাবি করেন। তাঁর মতে, নিয়ম অনুযায়ী নির্মাণ বেআইনি হলেও তা ভাঙার জন্য প্রথমে মালিকপক্ষকে সময় দেওয়া উচিত ছিল, যা এক্ষেত্রে প্রশাসন মানেনি।আরও পড়ুন:
দু'পক্ষের আইনি সওয়াল-জবাব শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ জানান, মামলাটিতে তিনটি পৃথক আবেদন জমা পড়েছে এবং সেগুলির একত্রে শুনানি হওয়া প্রয়োজন। সেই কারণেই আগামী ৬ অগস্ট পর্যন্ত মামলার শুনানি মুলতবি রাখা হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ ও ১৯ জুলাই আধুনিক যন্ত্রপাতি ও বুলডোজার দিয়ে আমতলার ওই পাঁচতলা ভবনটির একাংশ ভেঙে ফেলা হয়। তৃণমূল আমলেই ভবনটির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল।