পুবের কলম, ওয়েবডেস্ক: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। মঙ্গলবার নতুন করে আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়ার পর রাজ্যটিতে চলতি বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫-এ। তবে রাজ্যের সাতটি জেলা মিলিয়ে বন্যা কবলিত মানুষের সংখ্যা কিছুটা কমে বর্তমানে ৩.৩২ লাখে নেমে এসেছে বলে অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের এক বুলেটিনে জানানো হয়েছে।

বর্তমানে রাজ্যের প্রায় ৬২২টি গ্রাম পানির নিচে তলিয়ে রয়েছে। দুর্গত এলাকাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা জোরকদমে ত্রাণ ও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছেন।

এএসডিএমএ-র পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৪৫,৩৪১.৯৮ হেক্টর কৃষিজমি সম্পূর্ণ পানির নিচে চলে গেছে, যার ফলে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। বন্যা কবলিত জেলাগুলিতে শত শত বসতবাড়ি, গোয়ালঘর, বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মঙ্গলবার অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যাকবলিত পরিবারগুলির জন্য একটি বিস্তৃত ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছেন। তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাগত সহায়তা প্রদান, ঘরবাড়ি ও অন্যান্য সম্পত্তি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বর্ধিত ক্ষতিপূরণের বন্দোবস্ত করা হচ্ছে যাতে দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করা সম্ভব হয়।