পুবের কলম ওয়েব ডেস্কঃ কলকাতার তারাতলা এলাকায় বুধবার দুপুরে নির্মীয়মাণ একটি গুদামে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কাজ চলাকালীন আচমকাই গুদামের ছাদ ধসে পড়ে। ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন একাধিক শ্রমিক।
ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গুদামের ভিতরে কয়েক ডজন শ্রমিক নির্মাণকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বেরিয়ে আসতে সক্ষম হলেও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের একাধিক দল। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি। ধসে পড়া লোহার কাঠামো সরাতে বিশেষ কাটার যন্ত্রের সাহায্য নেওয়া হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া শ্রমিকদের বের করে আনার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নির্মাণকাজ চলাকালীন কোনও কাঠামোগত ত্রুটির জেরেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছনোর কথা রয়েছে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁর। উদ্ধারকাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রশাসন পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।আটকে পড়া সকলকে নিরাপদে উদ্ধার করার লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।