পুবের কলম ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদের ভিন্ন ভিন্ন স্থানে আকস্মিক বজ্রপাত এর ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার এবং বাকি দুজন শ্রমিক। এছাড়া এই প্রাকৃতিক বিপর্যয়ে আরও তিনজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাগুলি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার শাবলপুর গ্রামে এবং লালগোলা থানার রেণু বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়ঞা থানার সিভিক ভলান্টিয়ার সুব্রত ঘোষ (৩৬) শাবলপুর পঞ্চায়েত কার্যালয়ের কাছে কর্তব্যরত ছিলেন।

সেই সময় আচমকা বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্যদিকে, লালগোলা থানার রেণু বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় পদ্মার ভাঙন রোধের কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে শ্রমিকরা আশ্রয় নিতে একটি আমবাগানের নিচে দাঁড়ান।
সেই সময় বজ্রপাত হলে ৫ জন শ্রমিক গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন জন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আমির শেখ (২৪) ও খুরশেদ শেখ (২২)। মৃত ও আহত সকলেই সামশেরগঞ্জ থানার ধুলিয়ানের বাসিন্দা। লালবাগ মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বজ্রপাত এর মতো প্রাকৃতিক দুর্যোগে একই দিনে তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।