পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু, চার পুরুষ ও এক নারী। এছাড়া আহত হয়েছেন আরও ৩৩ জন।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) তথ্য অনুযায়ী, বান্নু, শাংলা ও মানসেহরা জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তীব্রতায় বিভিন্ন এলাকায় ঘরবাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়ায় হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
পিডিএমএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগেও চলতি মাসের শুরুতে একই ধরনের দুর্যোগে দুইজনের মৃত্যু হয়েছিল এবং নারী ও শিশুসহ ৩১ জন আহত হয়েছিলেন। সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রদেশজুড়ে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েক দিনও কিছু এলাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ফলে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।