পুবের কলম ওয়েব ডেস্কঃ পাকিস্তান প্রসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের সাম্প্রতিক মন্তব্যকে জোরালো সমর্থন জানালেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। প্রসঙ্গত, হোসাবলে বলেছিলেন যে, শত্রুতা যতই তীব্র হোক না কেন, আলোচনার রাস্তা সর্বদা খোলা রাখা উচিত। সেই মন্তব্যকে সমর্থন করে সঙ্ঘ প্রধান বলেন, আমরা হিটলারের মতো নই, তাই পাকিস্তানের জন্য আলোচনার দরজা খুলে রাখা উচিত।
আরও পড়ুন:
শনিবার কেরলের তিরুবনন্তপুরমে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোহন ভাগবত জানান, কোনো নির্দিষ্ট দেশের বিষয়ে আরএসএস-এর নিজস্ব কোনো বিদেশনীতি নেই।
প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে তারা সবসময় কেন্দ্রীয় সরকারের অবস্থানকেই অনুসরণ করে চলে। তিনি আরও বলেন, পাকিস্তানে এমন অনেক মানুষ রয়েছেন যারা মনে করেন যে ভারত বিভাজন ছিল একটি ভুল সিদ্ধান্ত। সেখানকার অনেক সাংবাদিক আরএসএস ও তার গঠনমূলক কাজের প্রশংসা করে থাকেন। পাকিস্তানে পাকিস্তান-বিরোধী এবং দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে একটি সুস্পষ্ট অন্তঃস্রোত রয়েছে, যেখানে অনেকে মনে করেন একসঙ্গে থাকাটাই ভালো ছিল।আরও পড়ুন:
মোহন ভাগবত মন্তব্য করেন, ভবিষ্যতের কোনো যুদ্ধে ভারত যদি পাকিস্তানকে এমনভাবে পরাজিত করে যে তাদের আর আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব না হয়, তাহলে সেখানকার মানুষকে ভারতের ছায়ায় নিয়ে আসতে হবে। অথবা তাদের সেই দেশেই শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ দিতে হবে। তার জন্য আলোচনার দরজা খোলা রাখা জরুরি। দুই দেশের আলোচনার প্রসঙ্গ টেনে মোহন ভাগবত আরও বলেন, আমরা হিটলারের মতো নই।
সেটা আমাদের স্বভাব বা পথ নয়। তাই আমাদের কিছু দরজা খোলা রাখতে হবে। আমাদের অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে, কিন্তু যা ভালো তা রক্ষা করাও প্রয়োজন।আরও পড়ুন:
উল্লেখ্য যে, গত মে মাসে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হোসাবলে বলেছিলেন, একটি দেশের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষা করা অত্যন্ত জরুরি এবং ক্ষমতায় থাকা সরকারের উচিত এর যত্ন নেওয়া। কিন্তু একই সঙ্গে আমাদের দরজা বন্ধ করার প্রয়োজন নেই। মোহন ভাগবত এই অবস্থানকে সমর্থন জানিয়ে আরও বলেন যে, তাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।