পুবের কলম, ওয়েবডেস্ক: রাম মন্দিরে ভক্তদের দেওয়া দান এবং গয়না চুরির ঘটনা নিয়ে এবার সরাসরি বিজেপিএবং আরএসএস-কে কাঠগড়ায় তুললেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘটনায় আসল ‘মাস্টারমাইন্ড’-দের আড়াল করতে কেবল নিচুতলার ছোট কর্মচারীদের বলির পাঁঠা বানানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। শুক্রবার অযোধ্যা সফরে এসে প্রথমে রাম মন্দির এবং হনুমানগড়িতে পুজো দেন কেজরিওয়াল। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোটি কোটি টাকার দান এবং ভক্তদের দেওয়া মূল্যবান গয়না চুরির এই ঘটনার একটি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল অভিযোগ করেন, এই চুরির ঘটনায় পুলিশের দায়ের করা এফআইআর আসলে একটি লোকদেখানো প্রক্রিয়া মাত্র।

তিনি বলেন, "কোটি কোটি টাকার দান এবং অমূল্য অলঙ্কার নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে, গত কয়েক মাসের সিসিটিভি ফুটেজও নাকি পাওয়া যাচ্ছে না! যে ঘটনার সঙ্গে কোটি কোটি ভক্তের আবেগ ও বিশ্বাস জড়িত, তার আসল সত্য দেশের সামনে আসা উচিত এবং প্রকৃত অপরাধীদের শাস্তি হওয়া দরকার।" 

আটজন ছোট কর্মচারীকে গ্রেফতারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "আটজন সামান্য কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এত দীর্ঘ সময় ধরে চলা এত বড় একটা কেলেঙ্কারি শুধু ওই সাধারণ কর্মচারীদের পক্ষে করা অসম্ভব।

এর শিকড় অনেক উঁচুতে ছড়ানো। জুনিয়র কর্মীদের ঘাড়ে দোষ চাপিয়ে বড় বড় মাথাদের আড়াল করার চেষ্টা চলছে।" রাম মন্দিরের এই চুরিকে ‘মহাপাপ’ বলে আখ্যা দিয়ে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানান তিনি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে কেজরিওয়াল বলেন, "যোগী জি, রাম মন্দিরের দান চুরির সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা আপনাকে ক্ষমতা থেকে সরাতে চান। এর জন্য একটা বড় ষড়যন্ত্র বোনা হচ্ছে।

এই মানুষেরা আপনার চেয়ারের পেছনে পড়েছে। যাঁরা এমন মহাপাপের অভিযোগে অভিযুক্ত, আপনি কেন তাঁদের পাশে দাঁড়াচ্ছেন? এই লড়াইয়ে আমাদের পাশে এসে দাঁড়ান।" আপ নেতার কথায়, "রাম মন্দির দান চুরির পেছনে অনেক বড় বড় মানুষ জড়িয়ে আছেন। যাঁরা ভগবান রামের নাম ভাঙিয়ে ক্ষমতায় এসেছিলেন, খোদ শ্রী রামই এবার তাঁদের ক্ষমতা থেকে টেনে নামাবেন।"