পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের খাবারের তালিকা থেকে ডিম বাদ পড়তে পারে এমন খবরের জেরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বুধবার এই ইস্যুতে বিজেপির কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তাঁর অভিযোগ, রাজ্যের উপর নির্দিষ্ট খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর ফলে পড়ুয়ারা পুষ্টির গুরুত্বপূর্ণ একটি উৎস থেকে বঞ্চিত হতে পারে।

সম্প্রতি বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত।

সেখানে তিনি ঘোষণা করেন, মিড ডে মিলে খাবার প্রস্তুত ও বিতরণ করবে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন)। এরপরই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয় যে ভবিষ্যতে ডিমের পরিবর্তে শুধু সবজি অন্তর্ভুক্ত করা হতে পারে। এই সম্ভাবনার খবর সামনে আসতেই সরব হয় তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় ডেরেক ও’ব্রায়েন দাবি করেন, খাদ্যাভ্যাসকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করা হচ্ছে। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের মতো বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতির রাজ্যে এক ধরনের খাদ্য সংস্কৃতি চাপিয়ে দেওয়া উচিত নয়।

তৃণমূল নেতার মতে, বহু বছর ধরে স্কুলপড়ুয়া শিশুদের পুষ্টির চাহিদা পূরণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই মধ্যাহ্নভোজ থেকে ডিম সরিয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এর মাধ্যমে রাজ্যে নিরামিষভোজনকে উৎসাহিত করার একটি বৃহত্তর নীতি কার্যকর করার চেষ্টা হতে পারে। যদিও রাজ্য সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি যে মধ্যাহ্নভোজ প্রকল্প থেকে ডিম বাদ দেওয়া হবে। তবে সম্ভাব্য খাদ্যতালিকা পরিবর্তনের খবর ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।