পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রসূতি, মহিলা এবং শিশুদের পর্যাপ্ত পুষ্টির কথা মাথায় রেখে গরম খাবার ও প্রাতঃরাশে ডিমের জন্য প্লেট পিছু অতিরিক্ত দুই টাকা করে বরাদ্দ দেওয়ার প্রস্তাব পেশ করা হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এখন থেকে শিশু ও মহিলা উপভোক্তাদের পাতে ডিম তুলে দিতে প্রতিদিন মাথাপিছু এই বাড়তি অর্থ খরচ করা হবে।

সম্প্রতি কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড ডে মিল পরিচালনার দায়িত্ব ইসকনের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী দিনে কলকাতার পাশাপাশি গোটা রাজ্যের স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্বই ইসকনের হাতে অর্পণ করা হবে।

তবে ইসকনের নিয়মানুযায়ী স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হবে, যার ফলে তাদের পাত থেকে বাদ পড়তে চলেছে ডিম। এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে। আর সেই বিতর্কের আবহেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিমের জন্য বরাদ্দ বৃদ্ধির এই নয়া প্রস্তাব বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, রাজ্য বাজেটে ইতিমধ্যেই পড়ুয়াদের পুষ্টির স্বার্থে মিড ডে মিলের মাথাপিছু বরাদ্দ সাড়ে ৬ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। পাশাপাশি, মিড ডে মিলের রান্নার কাজে যুক্ত কর্মীদের মাসিক বেতনও এক হাজার টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।