২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আবারও মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন। ইউরোপীয় চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের মধ্যকার মর্যাদাপূর্ণ ‘ফিনালিসিমা’ ম্যাচটি চলতি বছরের নভেম্বরে আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা।

প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি মূলত চলতি বছরের মার্চে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং আয়োজনে জটিলতার কারণে সেটি স্থগিত হয়ে যায়। এরপর বিকল্প সূচি ও ভেন্যু নিয়ে ঐকমত্য না হওয়ায় ম্যাচটি অনিশ্চয়তার মধ্যে পড়ে।

তবে এখন ফিফা এবং কাতার সরকার আগামী নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ম্যাচটি আয়োজনের জন্য কাজ করছে। কাতারের কাছে এখনও এই ম্যাচ আয়োজন ও সম্প্রচারের স্বত্ব থাকায় তারা দ্রুত দিনক্ষণ চূড়ান্ত করতে আগ্রহী। এ লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে একটি বড় বাধা রয়েছে স্পেনের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। নভেম্বরে উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলার কথা রয়েছে স্পেনের।

ফলে সেই সূচির সঙ্গে সমন্বয় করেই ফিনালিসিমার সম্ভাব্য তারিখ নির্ধারণ করতে হবে।

ম্যাচটি অনুষ্ঠিত হলে সেটি আর্জেন্টিনা ফুটবলের জন্য আবেগঘন এক উপলক্ষও হতে পারে। কারণ, দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে এবং তিনি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি অধিনায়ক লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আভাস দিয়েছেন। ফলে সম্ভাব্য এই ফিনালিসিমা তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম শেষ বড় ম্যাচ হতে পারে।