ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে ফের সরব হলেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে ৬৪-এ উন্নীত করার সম্ভাব্য পরিকল্পনাকে ‘অযৌক্তিক’ ও ফুটবলের জন্য ‘ক্ষতিকর’ আখ্যা দিয়ে ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি করেছেন তিনি। একই সঙ্গে ফিফার নির্বাচনব্যবস্থা, টুর্নামেন্ট পরিচালনা এবং একাধিক সিদ্ধান্ত নিয়েও কড়া সমালোচনা করেছেন এই স্প্যানিশ ফুটবল প্রশাসক।
ইতালির ক্রীড়া দৈনিক লা গ্যাজেত্তা দেলো স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে তেবাস বলেন, বিশ্বকাপে আরও দল বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তাঁর মতে, ফুটবল কেবল বিশ্বকাপকে ঘিরে নয়; একটি মাত্র টুর্নামেন্টের সুবিধার জন্য গোটা ফুটবল ক্যালেন্ডার বদলে দেওয়া ঠিক হবে না।

তেবাসের দাবি, জাতীয় দলের সংখ্যা বাড়ালে দেশীয় লিগগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে এবং লাখো মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িয়ে থাকা ফুটবল শিল্প ক্ষতিগ্রস্ত হবে। তাঁর মতে, বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়ের সংখ্যা সীমিত হলেও এর প্রভাব পড়ে পুরো ফুটবল ব্যবস্থার ওপর।
২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পর ২০৩০ আসরে দলসংখ্যা ৬৪ করার আলোচনা চলছে। যৌথভাবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয় অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপের আগে এমন পরিকল্পনাকে বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছেন তেবাস।

ইনফ্যান্তিনোর নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তুলে তিনি বলেন, “আমার মতে, ইনফ্যান্তিনোর সময় শেষ।

এখনই তাঁর সরে দাঁড়ানো উচিত।” তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, বিভিন্ন জাতীয় ফুটবল ফেডারেশনের সমর্থন থাকায় বর্তমান ফিফা সভাপতির অবস্থান এখনও যথেষ্ট শক্তিশালী।
ফিফার নির্বাচনব্যবস্থাকে ‘অসুস্থ’ উল্লেখ করে তেবাস বলেন, প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই বলেই সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনে দাঁড়াতে চান না। ফলে সংগঠনের ক্ষমতার ভারসাম্য নষ্ট হচ্ছে।

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনাও প্রশ্নের মুখে তুলেছেন লা লিগা সভাপতি।

তাঁর অভিযোগ, এ ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছিল এবং বিষয়টি ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এছাড়া বিশ্বকাপে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেকেরও সমালোচনা করেছেন তেবাস। তাঁর দাবি, শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামেও এই বিরতি দেওয়া হয়েছে, যা খেলোয়াড়দের প্রয়োজনের চেয়ে বাণিজ্যিক স্বার্থেই বেশি ব্যবহৃত হয়েছে।

বিশ্বকাপ সম্প্রসারণ, প্রতিযোগিতার সময়সূচি এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সাম্প্রতিক সময়ে ফিফার সমালোচনা বাড়লেও, তেবাসের মতে বর্তমান কাঠামোয় ইনফ্যান্তিনোকে চ্যালেঞ্জ করার মতো কার্যকর প্রতিদ্বন্দ্বী এখনও গড়ে ওঠেনি। তাই সমালোচনা সত্ত্বেও আগামী মেয়াদেও তাঁর দায়িত্বে বহাল থাকার সম্ভাবনাই বেশি।