ইউক্রেনের ওদেসা উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলায় চার ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক ভারতীয়, তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। রবিবার সন্ধ্যায় ওদেসা বন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই গিনি-বিসাউয়ের পতাকাবাহী এমভি গোল্ডেন লিও জাহাজটি হামলার মুখে পড়ে।
আরও পড়ুন:
জাহাজটিতে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন, তাঁদের মধ্যে পাঁচজনই ভারতীয়।
হামলায় চার ভারতীয় নিহত এবং একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত সরকার। সোমবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানায়, নিরীহ বেসামরিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো এবং নৌচলাচলের নিরাপত্তা বিঘ্নিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে নয়াদিল্লি।আরও পড়ুন:
যদিও ভারতের সরকারি বিবৃতিতে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি, ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতেই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
ইউক্রেনের নৌবাহিনীর দাবি, হামলার পর জাহাজে আগুন ধরে যায় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।আরও পড়ুন:
সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, হামলার পর উপকূলের কাছে জাহাজ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। এই ঘটনায় মোট ৯ জন ক্রু সদস্য এবং একজন মেরিটাইম পাইলটের মৃত্যু হয়েছে। ১৭ জন ক্রু সদস্যের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন:
ঘটনার পর ভারত সরকার ইউক্রেনের পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং নিহত ও আহত ভারতীয়দের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।