বিশ্বকাপ জয়ের রাতেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্বরেকর্ড গড়েছে লা রোহা।
আরও পড়ুন:
এর আগে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ৩৭ আন্তর্জাতিক ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল ইতালি। সেই সময় ইউরো ২০২০ শিরোপাও জিতেছিল আজ্জুরিরা। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতালির সেই রেকর্ড স্পর্শ করে স্পেন।
এরপর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ৩৮তম অপরাজিত ম্যাচের মাধ্যমে এককভাবে রেকর্ডের মালিক হয় তারা।শুধু অপরাজিত থাকার রেকর্ডই নয়, এবারের বিশ্বকাপে রক্ষণেও অসাধারণ নজির গড়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে সাতটি ক্লিন শিট রেখে মাত্র একটি গোল হজম করে শিরোপা জয় করেছে দলটি, যা বিশ্বকাপ ইতিহাসে নতুন কীর্তি।
আরও পড়ুন:
স্পেনের দীর্ঘ অপরাজিত থাকার ইতিহাস অবশ্য নতুন নয়। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে টানা ৩৫ ম্যাচ হারেনি তারা।
সেই সময়ই তারা জিতেছিল ইউরো ২০০৮-এর শিরোপা।বর্তমান অপরাজিত যাত্রা শুরু হয় ২০২৪ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হারের পর। এরপর থেকে নির্ধারিত সময় কিংবা অতিরিক্ত সময়ে কোনো ম্যাচে হারেনি স্পেন। যদিও নেশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে পরাজিত হয়েছিল তারা। তবে আনুষ্ঠানিক পরিসংখ্যানে টাইব্রেকারের ফল ড্র হিসেবে গণ্য হওয়ায় অপরাজিত থাকার ধারাবাহিকতায় তার প্রভাব পড়েনি।
আরও পড়ুন:
এই ৩৮ ম্যাচের দুর্দান্ত অভিযানে রয়েছে ইউরো ২০২৪ এবং ২০২৬ বিশ্বকাপ—দুটি বড় শিরোপা জয়ের গৌরব। বিশ্বচ্যাম্পিয়নের মুকুটের সঙ্গে বিশ্বরেকর্ডও যোগ করে নিজেদের ফুটবল ইতিহাসকে আরও সমৃদ্ধ করল স্পেন।