পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য চালু থাকা জনপ্রিয় দুই সরকারি প্রকল্পের নাম পরিবর্তন করল রাজ্য সরকার। বুধবার নবান্নে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই জোড়া নামবদলের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। তিনি জানান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 'কন্যাশ্রী' প্রকল্পের নতুন নাম রাখা হচ্ছে 'কন্যারত্ন'।
আরও পড়ুন:
অন্যদিকে, স্কুলপড়ুয়াদের সাইকেল প্রদানের সুপরিচিত প্রকল্প 'সবুজ সাথী'-র নাম বদলে রাখা হচ্ছে 'সারথী'।
তবে নাম পরিবর্তন হলেও প্রকল্পগুলির কাজ এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা অপরিবর্তিত থাকবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের কল্যাণে রাজ্য সরকার সবরকমের উদ্যোগ জারি রাখবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।আরও পড়ুন:
উল্লেখ্য, রাজ্যে নারীশিক্ষার প্রসার, স্কুলছুটের হার কমানো এবং মেয়েদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ২০১৩ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন। মূলত তিনটি ধাপে এই প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে।
প্রথম ধাপে ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীদের বার্ষিক এক হাজার টাকা করে দেওয়া হয়। দ্বিতীয় ধাপে, ১৮ বছর বয়স পূর্ণ হলে এবং ছাত্রীটি অবিবাহিতা থাকলে তাকে এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। পরবর্তীতে তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রীদের জন্যও বিশেষ সহায়তার ব্যবস্থা রয়েছে এই প্রকল্পে। আন্তর্জাতিক স্তরেও এই উদ্যোগ বিশেষ স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছে।