ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর মৃত্যুরহস্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করে তিনি বলেন, ‘‘তাঁর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। আসল ঘটনা আড়ালে ছিল। ইচ্ছে করে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।’’
বিগত তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘আগের সরকার শ্যামাপ্রসাদকে ভুলিয়ে রেখেছিল।

তিনি না থাকলে হিন্দু বাঙালিদের মাতৃভূমি মিলত না, পাকিস্তানে চলে যেতে হতো। তাঁর রাষ্ট্রবাদী চেতনা ও আদর্শ নিয়েই আমরা এগিয়ে চলব।’’
এদিন কেওড়াতলায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন-সহ একাধিক মন্ত্রী ও নেতারা।
উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলে ‘শ্যামাপ্রসাদ পক্ষ’ পালিত হবে। পরে হাজরা মোড়ে যুব বিজেপির রক্তদান শিবিরেও যোগ দেন মুখ্যমন্ত্রী এবং সেখানেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করেন।