কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের কাজের অগ্রগতি, জনমুখী প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক দক্ষতা খতিয়ে দেখতে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে বিভিন্ন মন্ত্রকের মন্ত্রী, সচিব এবং শীর্ষ আমলারা উপস্থিত ছিলেন। প্রত্যেক মন্ত্রককে তাদের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দিতে বলা হয়।
বৈঠকে অর্থনীতি, বাণিজ্য ও শিল্প, প্রযুক্তি, অবকাঠামো এবং নাগরিক পরিষেবা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কাজ পর্যালোচনা করা হয়।

বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশাসনিক সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। সরকারের লক্ষ্য, পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও জনকেন্দ্রিক করে তোলা।
পাশাপাশি, আন্তর্জাতিক পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে আগে গঠিত সচিব-স্তরের বিভিন্ন কমিটির কাজ কতদূর এগিয়েছে, সেই রিপোর্টও চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

প্রধানমন্ত্রী বৈঠকে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। সরকারি প্রকল্পের বাস্তবায়নে গতি আনা, অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা এবং দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ভাবন ও কর্মসংস্থান বৃদ্ধিতে তরুণ উদ্যোক্তাদের আরও বেশি যুক্ত করার ওপরও জোর দেওয়া হয়েছে।
সূত্রের খবর, আগামী দিনে সরকারের কর্মদক্ষতা আরও উন্নত করতে এ ধরনের পর্যালোচনা বৈঠক নিয়মিত করা হতে পারে। বিভিন্ন মন্ত্রকের কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দিকেই জোর দিচ্ছে কেন্দ্র।