পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যের নতুন বাজেটে শিক্ষিত বেকার যুবক-যুবতী এবং উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্রীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাসে ভাতা দেওয়া হবে পাশাপাশি উচ্চশিক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ বাড়ানোই এই উদ্যোগগুলির মূল লক্ষ্য বলে জানিয়েছে সরকার। বাজেট প্রস্তাব অনুযায়ী, ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীরা মাসিক ভাতার সুবিধা পাবেন। স্নাতক ডিগ্রিধারীদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।
অন্যদিকে, স্নাতক স্তরের নিচের শিক্ষাগত যোগ্যতা থাকা কর্মহীন যুবক যুবতীদের জন্য মাসে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।আরও পড়ুন:
তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্তও রাখা হয়েছে। যেসব পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম, শুধুমাত্র সেই পরিবারের যুবক-যুবতীরাই এই প্রকল্পের আওতায় আসবেন। পাশাপাশি, পরিবারের সদস্যরা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের আর্থিক সুবিধা পেলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।
আরও পড়ুন:
অন্যদিকে, উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে নতুন আর্থিক সহায়তা প্রকল্প চালুর কথাও ঘোষণা করা হয়েছে। সরকারি বা সরকার-পোষিত কলেজে স্নাতক স্তরের পাঠক্রমে ভর্তি হওয়ার সময় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। সরকারের আশা, এই উদ্যোগের ফলে আর্থিক কারণে পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা অনেকটাই কমবে। এই নতুন ছাত্রী সহায়তা প্রকল্প বাস্তবায়নের জন্য চলতি বাজেটে এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।