পুবের কলম ওয়েব ডেস্ক: বুধবার দুপুরে তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কাজ চলাকালীন আচমকাই গুদামের শেডটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, কলকাতায় সমস্ত নির্মীয়মাণ ভবনের কাজ আপাতত বন্ধ রাখা হবে।
আরও পড়ুন:
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগামী ৩১ জুলাই পর্যন্ত কলকাতা পুরসভা এলাকার সমস্ত বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ পুরোপুরি বন্ধ থাকবে।
এই তারাতলা দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতা মেট্রো ও বন্দর কর্তৃপক্ষের কাছেও সহযোগিতার আবেদন জানানো হবে। আগামী ১ আগস্ট থেকে পুনরায় কাজ শুরু করা যাবে। এই সময়ের মধ্যে ওই সমস্ত নির্মীয়মাণ ভবনগুলির নিরাপত্তা ও গঠনগত অবস্থা খতিয়ে দেখতে সমীক্ষা চালানো হবে।আরও পড়ুন:
এই সমীক্ষার জন্য কলকাতা পুরসভার তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। এই কমিটিতে কলকাতা পুরসভা ছাড়াও পিডব্লিউডি, কেএমডিএ, দমকল, মেট্রো এবং সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা থাকবেন।
কমিটি প্রতিটি নির্মাণস্থল পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে জরুরি পরিষেবার কাজ এই নির্দেশের আওতার বাইরে থাকবে। এদিকে, মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে, পরবর্তীতে কলকাতার বাইরে অন্যান্য পুরসভা এলাকাগুলিতেও এই একই নির্দেশ জারি করা হতে পারে।আরও পড়ুন:
তারাতলা দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, গুদামের বিল্ডিং প্ল্যানটি আগের সরকারের আমলে অনুমোদিত হয়েছিল এবং সেই প্ল্যানে ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই ঘটনায় কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা আগামীকাল ঘোষণা করা হবে। একইসঙ্গে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আগামীকাল বিস্তারিত বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী।