পুবের কলম ওয়েব ডেস্ক: নতুন রাজ্য সরকারের প্রথম রাজ্য বাজেটেই একের পর এক চমক দেখা গিয়েছে। এবারের বাজেটে কলকাতায় ২৪ ঘণ্টা রেস্তোরাঁ ও দোকানপাট খোলা রাখার সাহসী প্রস্তাব রাখা হয়েছে। সোমবার বিধানসভায় জনমোহিনী এই বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থমন্ত্রীর মতে, এই উদ্যোগের ফলে রাজ্যে কর্মসংস্কৃতি ও উৎপাদনশীলতা উভয়ই বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত রাজ্যের সামগ্রিক আর্থিক উন্নয়নে সহায়ক হবে।
আরও পড়ুন:
বাজেটে শুধুমাত্র এই একটি বিষয় নয়, বরং কৃষি ও শিল্পসহ প্রতিটি খাতের উন্নয়নের বার্তা দেওয়া হয়েছে।
সব মিলিয়ে রাজ্যে ক্ষমতায় আসা প্রথম বিজেপি সরকারের এই বাজেটের আকার ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫.২৯ কোটি টাকা। বর্তমানে পশ্চিমবঙ্গের শ্রম দপ্তর ও পশ্চিমবঙ্গ দোকান ও প্রতিষ্ঠান আইন, ১৯৬৩ অনুযায়ী দোকান খোলা ও বন্ধ রাখার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। আইন অনুযায়ী, সকাল ৮টার আগে এবং রাত ১০টার পর কোনো দোকান খোলা রাখা নিষিদ্ধ। এছাড়া দোকানের কর্মীদের জন্য সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের সীমাবদ্ধতাও রয়েছে। তবে নতুন রাজ্য সরকার এই সময়সীমা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।আরও পড়ুন:
জানা যাচ্ছে, শ্রমসুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংশোধনী ও সংস্কার আনা হবে। প্রস্তাব অনুযায়ী, ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়া হবে রেস্তোরাঁ, দোকান, অফিস, লজিস্টিক পরিষেবা ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে। প্রাথমিকভাবে কলকাতা সহ বড় বড় শহরে এই নিয়ম কার্যকর করা হবে এবং পরবর্তীতে তা পুরো রাজ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজ্য বাজেট পেশের সময় স্বাস্থ্য খাতের উন্নতির জন্যও বড় ঘোষণা করা হয়েছে, যেখানে এইমস-এর আদলে রাজ্যের হাসপাতালগুলোকে সুপার স্পেশালিটি মানে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান সরকার প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিচ্ছে। এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় ১,৩৫৩ কোটি টাকা মূল্যের একটি প্রকল্প চালু হয়েছে, যার মাধ্যমে মরা নদীখাতগুলো খনন করে মূল নদীগুলোর সাথে যুক্ত করা হবে। এই জনকল্যাণমুখী রাজ্য বাজেট বাস্তবায়িত হলে রাজ্যের শহরগুলোতে কর্মসংস্থান ও রাজস্ব আদায় বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।