পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্য বিধানসভায় নিজের প্রথম জবাবি ভাষণে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে উঠে আসে আর জি কর-সহ একাধিক অপরাধের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর মুখে বিচারের আশ্বাস শুনে আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন নিহত চিকিৎসকের মা, যিনি বর্তমানে পানিহাটি কেন্দ্রের বিধায়ক।
আরও পড়ুন:
দুই বছর আগে কলকাতার আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে আসছেন নিহতের পরিবারের সদস্যরা।
মঙ্গলবারের অধিবেশনে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, আর জি কর মামলার বিচার প্রক্রিয়া শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগে তিন জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে এবং বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব থেকেও সরানো হয়েছে। বাকি বিষয়গুলিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।আরও পড়ুন:
ভাষণে মুখ্যমন্ত্রী আরও জানান, রামপুরহাট, হাঁসখালি, কসবা আইন কলেজ, কামদুনি এবং ধূপগুড়ির মতো আলোচিত ঘটনাগুলির ক্ষেত্রেও সরকার কঠোর অবস্থান নিয়েছে। অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনেই প্রশাসন কাজ করবে বলে তিনি দাবি করেন।