পুবের কলম ওয়েব ডেস্ক: বুধবার দুপুরে কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামে ভয়াবহ তারাতলা দুর্ঘটনা ঘটে। নির্মাণ কাজ চলাকালীন হঠাৎ করেই গুদামের বিশাল শেডটি ভেঙে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনার পর থেকেই নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। শুরু থেকেই উদ্ধারকার্যের ওপর কড়া নজর রাখছিলেন মুখ্যমন্ত্রী । পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হন। তারাতলা দুর্ঘটনা মোকাবিলায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "সকলেই তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও ১২ থেকে ১৮ জন আটকে। মন্ত্রীরাও উপস্থিত রয়েছেন। সকলেই তৎপরতার সঙ্গে উদ্ধারকাজের তদারকি করছেন।

বিকেল পৌনে পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছান। সেখানে উপস্থিত মন্ত্রী ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন এবং উদ্ধারকারীদের কাছ থেকে বিস্তারিত পরিস্থিতি জেনে নেন। নির্মাণকাজের দায়িত্বে কারা ছিলেন এবং কীভাবে এই তারাতলা দুর্ঘটনা ঘটল, সে বিষয়েও তিনি তথ্য সংগ্রহ করেন। আহতদের দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতাল সূত্রে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে এবং স্বাস্থ্যসচিবও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।