প্রবল বর্ষণের জেরে ফের ধস নামল সিকিমে। এবার ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে ওমচুংয়ের কাছে, যার ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে লেগশিপ থেকে গেজিং যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও বিশাল পাথর গড়িয়ে রাস্তায় এসে পড়ে। এর জেরে পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায় সড়কটি এবং কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।
ফলে ব্যাহত হয়েছে জরুরি পরিষেবাও। অনেককেই বাধ্য হয়ে দীর্ঘ ঘুরপথে নিজেদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, মঙ্গলবার রাতভর সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। তার জেরেই বুধবার সকালে এই ধস নামে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় প্রশাসনের কর্মীরা এবং রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে।
তবে রাস্তাজুড়ে বিপুল পরিমাণ পাথর ও মাটি জমে থাকায় স্বাভাবিক যান চলাচল ফিরতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন।উল্লেখ্য, গতকালই সিকিমের রংপো থেকে রোরাথাং যাওয়ার রাস্তায় ভয়াবহ ধস নেমেছিল। সেই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক পুলিশকর্মী। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে পাহাড়ি এলাকায়।
আরও পড়ুন:
প্রবল বর্ষার কারণে গত কয়েক দিনে সিকিমের একাধিক এলাকায় বারবার ধসের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক রয়েছে এবং ভবিষ্যতে এমন বিপর্যয় থেকে ক্ষয়ক্ষতি কমাতে একাধিক প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।