পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় প্রবল ঝড়-বৃষ্টির কবলে পড়ে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি মন্দিরের দেওয়াল এবং টিনের চাল ভেঙে পড়ে অন্তত ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১২ থেকে ১৪ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:
পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার জাঠ তহশিলের মোথেওয়াড়ি গ্রামে অবস্থিত বিখ্যাত মারগুদেবী মন্দিরে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রথা অনুযায়ী, প্রতি মঙ্গলবার এই মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম হয়। মঙ্গলবার সন্ধ্যায় যখন বিপর্যয়টি ঘটে, তখন মন্দির চত্বরে প্রায় ৩৫০ জন পুণ্যার্থী উপস্থিত ছিলেন।সাঙ্গলির পুলিশ সুপার তুষার দোশি জানান, সন্ধ্যায় হঠাৎ করেই এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি শুরু হয়। দুর্যোগ থেকে বাঁচতে অনেক পুণ্যার্থী মন্দিরের একটি দেওয়াল এবং টিনের চালের নিচে আশ্রয় নিয়েছিলেন। আচমকাই ঝোড়ো হাওয়ার দাপটে সেই দেওয়াল এবং টিনের কাঠামোটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বহু মানুষ।
আরও পড়ুন:
পুলিশ সুপার আরও জানিয়েছেন, "দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত ১২ থেকে ১৪ জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।"আরও পড়ুন:
আচমকা এই প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার জেরে মন্দির চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়েই স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধারকাজে নামে। প্রবল বৃষ্টির জেরে শুরুতে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হলেও দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের বের করে আনা সম্ভব হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মৃত ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আগামী কয়েকদিন ওই এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।