পুবের কলম, ওয়েবডেস্ক: নাবালিকার গোপন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ক্রমাগত ব্ল্যাকমেইল এবং গণধর্ষণের এক ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এল হরিয়ানায়। এক ১৬ বছর বয়সী নাবালিকাকে অপহরণ করে বনের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় নির্যাতিতার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গত ৬ জুন নুহ জেলায়। নাবালিকার বাবার বয়ান অনুযায়ী, গত শনিবার (৬ জুন) ভোর ৫টা নাগাদ তিনি ঘুম থেকে উঠে দেখেন তাঁর মেয়ে ঘরে নেই।
চারদিকে খোঁজাখুঁজি করার কিছু সময় পর, দুই যুবক একটি মোটরবাইকে করে ওই নাবালিকাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে দ্রুত চম্পট দেয়। বাড়ি ফেরার পর মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কান্নায় ভেঙে পড়ে এবং নিজের ওপর হওয়া সমস্ত অত্যাচারের কথা জানায়।আরও পড়ুন:
নাবালিকা জানায়, শৌকিন নামের এক যুবক, যার একসময় তাদের বাড়ির কাছে একটি মুদির দোকান ছিল, সে কোনোভাবে নাবালিকার বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নিয়েছিল। সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে আপলোড করে দেওয়ার ভয় দেখিয়ে শৌকিন দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করছিল এবং একাধিকবার ধর্ষণ করেছিল। নাবালিকা অভিযোগ করে, গত শুক্রবার (৫ জুন) অভিযুক্তেরা তাকে জোরপূর্বক অপহরণ করে একটি গভীর বনের মধ্যে নিয়ে যায়।
সেখানে শৌকিন ছাড়াও আরও চারজন যুবক তাকে রাতভর গণধর্ষণ করে।আরও পড়ুন:
এই মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরেই নির্যাতিতার বাবা নুহ জেলার মহিলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত শৌকিন ও তার বাকি চার সহযোগীর বিরুদ্ধে কঠোর ‘পকসো আইন’ এবং একাধিক ধারায় একটি এফআইআর নথিভুক্ত করেছে। এই ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পলাতক। নুহ জেলার এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল গঠন করে সম্ভাব্য সমস্ত আস্তানায় লাগাতার অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্ত পাঁচজনের মধ্যে একজন নাবালক রয়েছে।"