পুবের কলম ওয়েব ডেস্ক: আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলার সংক্রমণ ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। দেশটিতে এখনও পর্যন্ত ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জনে পৌঁছেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৬০০ মানুষ। পরিস্থিতির অবনতি হওয়ায় জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মে ইবোলার বুন্ডিবুগিও ধরন শনাক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তবে স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, রোগটি শনাক্ত হওয়ার কয়েক সপ্তাহ আগেই বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটি।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইটুরি, উত্তর কিভু এবং দক্ষিণ কিভু প্রদেশে।

দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘাতে অস্থির এই অঞ্চলগুলোতেই বিশ্বের অন্যতম বড় ইবোলা প্রাদুর্ভাবের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, তিনটি প্রদেশে প্রায় ১২০টি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে। তাদের উপস্থিতির কারণে স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন সময়ে চিকিৎসাকর্মীদের ওপর হামলা, অপহরণ এবং নিরাপত্তাজনিত নানা ঘটনার কারণে রোগ প্রতিরোধ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এতে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 সোশ্যাল মিমিডিয়া দেওয়া এক বার্তায় কঙ্গো সরকার জানিয়েছে, দেশে ইবোলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৮ জনে। এ পর্যন্ত ১১৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ২২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানানো হয়েছে। সরকারের দাবি, সাম্প্রতিক সময়ে নতুন কোনো এলাকায় সংক্রমণ ছড়ানোর খবর পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষকে ইবোলার লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।