পুবের কলম ওয়েব ডেস্ক: রাতভর টানা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান নেমে এসেছে জম্মু ও কাশ্মীরের রজৌরি, পুঞ্চ-সহ একাধিক জেলায়। প্রকৃতির এই ভয়াল তাণ্ডবে এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেক মানুষ। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে হতাহতের সংখ্যা আগামীতে আরও বাড়তে পারে বলে প্রবল আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন:
রবিবার সকালে রজৌরিতে হঠাৎ করেই এই হড়পা বান পরিস্থিতি তৈরি হয়। জলের তোড়ে নদীগুলি দুকূল ছাপিয়ে বইতে শুরু করে এবং নিমেষে প্লাবিত হয়ে যায় নিচু এলাকাগুলি। স্থানীয়রা জানিয়েছেন, হু হু করে জলস্তর বাড়তে থাকায় বহু মানুষ বাধ্য হয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। জলের প্রবল স্রোতে রজৌরিতে প্রচুর বাড়িঘর এবং গাড়ি ভেসে গিয়েছে।
স্রোতে ভেসে যাওয়া এক মহিলার মৃতদেহ পরবর্তীতে উদ্ধার করা হয়।আরও পড়ুন:
অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুঞ্চ জেলায় পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে সেখানে নয় জনের মৃত্যু হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রধান নদীগুলি যেমন দারখালি, খান্ডলি, সুখতো এবং জমোলার জলস্তর বর্তমানে বিপদসীমা অতিক্রম করে বইছে। এমনকি দারখালি নদীর জল ইতিমধ্যেই সাধারণ মানুষের বাসস্থানে ঢুকে পড়েছে। গত চব্বিশ ঘণ্টায় রজৌরিতে ১০৩ মিলিমিটার, উধমপুরে ১০১ মিলিমিটার, কাটরায় ৮৫ মিলিমিটার এবং পুঞ্চে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতর আগামী ২৩ জুলাই পর্যন্ত এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফলে বন্যা পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ঘনীভূত হচ্ছে