উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের পশ্চিম শ্রীপতিনগর এলাকায় মঙ্গলবার সাত সকালে ঘটে গেল এক মর্মান্তিক ইঞ্জিন ভ্যান দুর্ঘটনা। ঝিরঝির বৃষ্টির মধ্যে আম ও কাঁঠাল নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিন ভ্যান রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পুকুর থেকে ইঞ্জিন ভ্যানটি তোলা হলেও চালকের কোনো সন্ধান মেলেনি।চালক ভ্যানের সঙ্গে পুকুরে তলিয়ে গিয়েছেন, নাকি দুর্ঘটনার পর নিজেই বেরিয়ে অন্যত্র চলে গিয়েছেন তা স্পষ্ট নয়।

স্থানীয় বাসিন্দারা পুকুরে পড়ে থাকা আম ও কাঁঠাল সরিয়ে চালকের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।আর এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। চালকের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।