পুবের কলম ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পরেও কোনো রফাসূত্র মিলল না। নিট দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়েছেন, যন্তর মন্তর থেকে অবস্থান তুলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং মঙ্গলবারও তাদের সংসদ অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে। 

অন্যদিকে, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের অনশন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সোমবার ককরোচ জনতা পার্টির তরফ থেকে সংসদ অভিযানের ডাক দেওয়া হয়েছিল।

দিল্লি পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি না থাকা সত্ত্বেও এদিন সকালে যন্তর মন্তর থেকে মিছিল এগোতে শুরু করলে রাজধানী কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।

 আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যন্তর মন্তর চত্বরে প্রায় পাঁচ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের জেরে সিজেপি-র শীর্ষ নেতৃত্ব-সহ অন্তত ৭০ জন বিক্ষোভকারীকে আটক করে দিল্লি পুলিশ। আন্দোলনকারীদের ওপর এই পুলিশি আগ্রাসনের কড়া নিন্দা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এই উত্তাল পরিস্থিতির মাঝেই সোমবার বিকেলে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন জে পি নাড্ডা। বৈঠক শেষে সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি আন্দোলনকারীদের অবস্থান প্রত্যাহারের অনুরোধ জানান। তবে বিক্ষোভকারীদের মূল দাবিগুলি পূরণের বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট বার্তা দেননি। এরপরই হাসপাতাল থেকে সোনম ওয়াংচুক একটি বিবৃতি দিয়ে জানান, শান্তিপূর্ণভাবে আন্দোলনরত তরুণদের ওপর পুলিশের নির্মম আচরণের প্রতিবাদে তিনি অনশন চালিয়ে যাবেন। 
কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাতে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, মন্ত্রীর সঙ্গে দেখা হলেও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছাড়া তাঁরা আন্দোলনের পথ থেকে পিছু হটবেন না। সোমবারের পুলিশি পদক্ষেপ ও খণ্ডযুদ্ধকে তিনি নিছকই ‘ট্রেলার’ বলে কটাক্ষ করেন এবং মঙ্গলবার ফের পূর্ণ শক্তিতে সংসদ অভিযানের হুঁশিয়ারি দেন।