উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : রবিবার রাতে মাছ বাজার সংলগ্ন জায়গা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ক্যানিং থানার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের সাতমুখী বাজারে। নিহতের নাম জাকারিয়া শেখ (২২)।পেশায় মাছ ব্যবসায়ী জাকারিয়ার বাড়ি ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে জয়রামখালি গ্রামে। হাওড়ায় মাছের ব্যবসা করতেন জাকারিয়া।

এ দিন সন্ধ্যা সাতটা পর্যন্ত সাতমুখী বাজারেই ছিলেন তিনি।

 মৃতের দাদা জাহিরুল শেখ বলেন, ভাই বিকেল থেকে সাতমুখী বাজারেই ছিল। আমার ধারণা ওকে পিটিয়ে খুন করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে যাব।

যারা দোষী তাদের যেনউপযুক্ত শাস্তি হয়।জাকারিয়ার সঙ্গে কারোও কোনও শত্রুতা ছিল কি না সে বিষয়ে দাদা কিছু জানাতে পারেননি। নিহত যুবকের স্ত্রী, একটি পুত্র ও কন্যা সন্তান রয়েছে।এ দিন রাতে স্থানীয় লোকজন দেখতে পায়, অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মৃতদেহ ওই বাজারে পড়ে রয়েছে।
 

মৃতের শরীরে একাধিক জায়গায় ক্ষতচিহ্ন থাকায় তাঁকে খুন করা হয়েছে বলে সন্দেহ হয় স্থানীয়দের।খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে।সোমবার দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কী ভাবে মৃতদেহটি সেখানে এলো তা জানতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই বাজার এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।