পুবের কলম ওয়েব ডেস্কঃ মধ্যপ্রদেশের বেতুল জেলায় এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছিন্দওয়াড়ার বাসিন্দা ২৪ বছর বয়সি আলী খানের মৃত্যু হয়েছে। তাঁর পরিবার ও বন্ধুদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ট্রেনে সিট নিয়ে বচসার জেরে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরদেহি রেলস্টেশনে। 

জানা গিয়েছে,  আলী খান তাঁর বন্ধু জয়ন্ত বর্মা, শিবম মালভিয়া এবং যশের সঙ্গে বেড়াতে যাচ্ছিলেন।

নাগপুরে কর্মরত আলী ছুটিতে বন্ধুদের সঙ্গে এই ভ্রমণে বেরিয়েছিলেন। যাত্রাপথে ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে এক যাত্রীর সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয় বলে অভিযোগ। বন্ধুদের বক্তব্য,  ওই ব্যক্তি জোরপূর্বক আলীর সিট দখল করতে চাইছিলেন। বচসার সময় তিনি নিজেকে একটি কট্টরপন্থী সংগঠনের নেতা বলে পরিচয় দেন এবং আলীকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করেন বলেও দাবি করা হয়েছে। অভিযোগ, গভীর রাতে ট্রেনটি বরদেহি রেলস্টেশনে থামার পর পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে।
আলীর বন্ধুদের দাবি, ধর্মীয় স্লোগান দিতে দিতে কয়েকজন ব্যক্তি ট্রেনে উঠে তাঁকে টেনে প্ল্যাটফর্মে নামিয়ে আনে। এরপর তাঁর উপর ব্যাপক হামলা চালানো হয়।

পরিবার ও বন্ধুদের অভিযোগ,  প্ল্যাটফর্মেই নির্মমভাবে মারধর করা হয়। ফলে আলীর মৃত্যু হয়। হামলার সময় নিজেদের নিরাপত্তার কথা ভেবে তাঁর সঙ্গীরা অন্য একটি বগিতে আশ্রয় নেন বলে জানান।

পরে তাঁরা পুলিশকে পুরো ঘটনার কথা জানান।

ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রমোদ পাটিল জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের দাবি, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।