পুবের কলম ওয়েব ডেস্কঃ নিজের ছেলের হাতে খুন হয়েছিলেন বাবা। ঘটনার সময় ছেলে মদ্যপ ছিল। সেই অবস্থাতেই নিজের বাবাকে কুপিয়ে খুন করে সেই। ঘটনার দু'বছরের মধ্যেই সাজা ঘোষণা করল আদালত। বাবাকে খুনের অপরাধে অপরাধি ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন আলিপুরদুয়ার জেলা আদালতের বিচারক রমেশ প্রধান।

 

মামলার বয়ান অনুযায়ী, ঘটনাটি আলিপুরদুয়ার ১ ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চকোয়াখেতি গ্রামের। জগবন্ধু বর্মণকে খুন করে তাঁর ছেলে বাবলু বর্মণ। জানা যায়, বাবা ছেলের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। ২০২৪ সালের ১৮ জুলাই সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছয়। দুজনের মধ্যে তুমুল বচসা বাঁধে। সেই সময় বাবলু তার বাবা জগবন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।

ঘটনায় সঙ্গেসঙ্গে মাটিয়ে লুতিয়ে পড়েন বাবা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বিএনএসের ১০৩ (১) ধারায় খুনের অভিযোগ দায়ের হয়। তারভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মামলায় চার্জশিট দেওয়ার পর শুরু হয় বিচারপ্রক্রিয়া।
এই পর্ব শেষ হতেই বাবলুকে দোষী সাব্যস্ত করে আদালত। অবশেষে আজ মঙ্গলবার সাজা ঘোষণা করেন বিচারক। 

জানা গিয়েছে, বিচার পর্বে ১৪ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। আদালত নির্দেশ দিয়েছে দোষীকে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে। আর জরিমানার টাকা দিতে না পারলে ২০ আরও ৬ মাস জেলে থাকতে হবে। এবিষয়ে আলিপুরদুয়ার জেলা আদালতের সরকারি আইনজীবী সুহৃদ মজুমদার আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন।