পুবের কলমওয়েব ডেস্কঃ প্রবল বর্ষার মধ্যে লোকাল ট্রেনের দরজা বন্ধ রাখা নিয়ে তর্কাতর্কি। আর তা থেকেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। চলন্ত ট্রেনের মধ্যেই ছুরিকাঘাত করে খুন করা হল বছর ২২-এর এক যুবককে। ঘটনাটি ঘটেছে মুম্বাই ওয়েস্টের একটি লোকাল ট্রেনে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মায়াঙ্ক লোহার।
মঙ্গলবার রাতে তিনি চার্চগেট থেকে নালাসোপারা অভিমুখী একটি প্রথম শ্রেণির কামরায় যাত্রা করছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আন্ধেরি ও বোরিভালি স্টেশনের মাঝপথে কামরার দরজা বন্ধ রাখা নিয়ে অপর এক যাত্রীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। ক্রমে সেই বিতণ্ডা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, উত্তেজনার মধ্যেই অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র বের করে মায়াঙ্কের পেটে আঘাত করে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় তিনি কামরাতেই লুটিয়ে পড়েন। রাত প্রায় এগারোটার কিছু পরে ট্রেনটি বোরিভালি স্টেশনে পৌঁছালে অভিযুক্ত ট্রেন পুরোপুরি থামার আগেই পালিয়ে যায় বলে অভিযোগ।আরও পড়ুন:
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ এবং রেল পুলিশের কর্মীরা। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে প্রথমে স্টেশনের জরুরি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কান্দিভালির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ। স্টেশন ও ট্রেনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সময় কামরায় উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযুক্তের পরিচয় জানার চেষ্টা চলছে। পলাতক ব্যক্তির খোঁজে একাধিক দল তল্লাশি শুরু করেছে।আরও পড়ুন:
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত যাত্রীকে দ্রুত চিকিৎসার আওতায় আনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে গুরুতর আঘাতের কারণে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে মুম্বাইয়ের লোকাল ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।