পুবের কলম ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে গ্রেফতার হল আরও একজন। ধৃতের নাম বিনয় রাই। উত্তরপ্রদেশের বারাণসী থেকে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। এরফলে এই খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৫ জন। 

চন্দ্রনাথ খুনের তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারপর থেকেই দ্রুতগতিতে এগোচ্ছে তদন্ত।

আর যত ত্তদন্ত এগোচ্ছে ততই বাড়ছে বিস্ময়। জানা গিয়েছে, চন্দ্রনাথ খুনে বিনয় রাইয়ের জড়িত থাকার প্রমান পেয়েছে সিবিআই। বছর চল্লিশের বিনয় উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা। সম্পত্তি কেনবেচার সঙ্গে জড়িত বিনয়। তাঁকে গ্রেফতারের পরেই বারাণসীর স্থানীয় আদালতে তুলে দুদিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে সিবিআই। আজ তাঁকে কলকাতায় এনে বারাসতের আদালতে তোলা হবে বলে খবর।
ধৃতকে জেরা করে আরও তথ্য সংগ্রহের জন্য তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে সিবিআই আবেদন জানাবে বলে খবর। 

সিবিআই সুত্রের খবর, বিনয়ের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তার মধ্যে যেমন খুনের অভিযোগ রয়েছে তেমনি খুনের চেষ্টার অভিযোগও রয়েছে বিনয়ের বিরুদ্ধে। উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন কর্মী তথা মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে ৬ মে রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের কাছে গুলি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ঘটনার তদন্তে নেমে এই মামলায় পুলিশ মায়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আদালত তিনজনকেই আগামী ২৪ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তাঁদের টানা জেরা করে একাধিক তথ্য পায় পুলিশ। জানা যায়, এসটিএফ ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে বিহারের বক্সার জেলা থেকে মায়াঙ্ক রাজ মিশ্র ও ভিকি মৌর্যকে এবং উত্তর প্রদেশ থেকে রাজ সিংকে গ্রেফতার করে। এই ঘটনায় মোট গ্রেফতার হয়েছে ৫ জন। যদিও কি কারণে খুন? তা এখনও জানা যায়নি।