উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লার ভাইয়ের ইটভাটায় উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। সোমবার এই দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের জীবনতলার দেউলি গ্রাম পঞ্চায়েতের পয়না এলাকার ইটভাটায় । সোমবার সকালে ইটভাটার একটি ঘরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান শ্রমিকরা। তারপরেই শোরগোল পড়ে যায় এলাকায়।
আরও পড়ুন:
জানা যায়, ওই ব্যক্তি নাকি বিজেপি সমর্থক।
তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলছে পরিবার। মৃত ব্যক্তির নাম দুধকুমার সর্দার। তিনি জীবনতলার হরিণদা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রাই প্রথমে খবর দেন থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, দুধকুমারকে খুন করে ইটভাটার ওই ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকায় সক্রিয় বিজেপি সমর্থক হিসেবেই পরিচিত ওই ব্যক্তি। রাজনৈতিক পালাবদলের পর আচমকাই এমন অস্বাভাবিক মৃত্যু। জানা যায়, যে ইটভাটা থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে তার মালিক শাহজাহান মোল্লা।আরও পড়ুন:
সূত্রের খবর, শাহজাহান সম্পর্কে তৃণমূলের ‘দাপুটে’ নেতা শওকত মোল্লার ভাই। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা।
২৬ এর নির্বাচনে যিনি ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী। রাজ্যে পালাবদলের পরেই তাঁর ঘনিষ্ঠের ইটভাটায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে দানা বাঁধছে রহস্য। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, "মৃত দুধকুমার বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। ভোটের সময়ে একাধিক মিটিং মিছিলে ও গিয়েছিলেন। আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।তবে এব্যাপারে সওকাত মোল্লার তরফে কোনো মন্তব্য পাওয়া যায় নি।"