পুবের কলম ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে গ্রেফতার হল আরও একজন। উত্তরপ্রদেশের স্পেশ্যাল টাস্ক ফোর্স নবীন কুমার সিং নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করছে। রাজ্যের বল্লিয়া জেলায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। 

জানা গিয়েছে, বারাণসী ইউনিটের এসটিএফের একটি দল ১৯ মে বল্লিয়ায় পৌঁছে তল্লাশি অভিযান চালায়। সেখান থেকেই নবীন গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। জিজ্ঞাসাবাদে নবীন এসটিএফকে জানিয়েছেন, বল্লিয়ার দুষ্কৃতী জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মান্নু গত ৭ মে রাজ কুমার সিং এবং গোলু সিং নামে আরও দুই সহযোগী নিয়ে এসে তার সঙ্গে দেখা করে। এরপর পরে তাকে আগ্নেয়াস্ত্র ভর্তি একটি ব্যাগ দেয়। পুলিশ জানিয়েছে, নবীন পরে এসটিএফের টিমকে একটি ন্যাশনাল হাইওয়ের পাশে অবস্থিত একটি গাড়ির শোরুমে নিয়ে যান।

সেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এসটিএফ ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, দুটি রিভলভার, ৪৫টি তাজা কার্তুজ, তিনটি গুলির খোল এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানায়, এরমধ্যে একটি পিস্তল মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি। এবিষয়ে এলাকার পুলিশ সুপার ওমবীর সিং জানান, নবীনকে বল্লিয়ার স্থানীয় আদালতে তুলেছিল। আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। তদন্তকারীরা এখন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মান্নুর ভূমিকা খতিয়ে দেখছেন। রাজকুমার সিংকে চন্দ্রনাথ খুনে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে তাঁর সহযোগী প্রতাপ সিংয়ের সঙ্গে গোলু সিংও প্লাতক রয়েছে। 

এদিকে, চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়িটির সম্পর্কে তদন্তকারীদের হাতে এসেছে নতুন তথ্য।

জেলার বান্সডিহ রোড থানার অন্তর্গত ফুলওয়ারিয়া গ্রামের বাসিন্দা জিতেন্দ্র সিং দাবি করেছেন, গত বছরের অক্টোবরে মিঠু ওরফে দীপক নামে এক ব্যক্তি তাঁর মারফত ৩৫,০০০ টাকায় একটি নিসান মাইক্রা গাড়ি কিনেছিল। তিনি অভিযোগ করেন, সেই একই গাড়িটি পরে ১ মে জ্ঞানেন্দ্র প্রতাপ ওরফে মান্নুকে ৫০,০০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়। জিতেন্দ্র জানান,  সম্প্রতি সিবিআই-এর একটি দল তাঁর বাড়িতে গিয়ে গাড়িটির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। তিনি তদন্তকারীদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন বলে দাবি করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, জ্ঞানেন্দ্র প্রতাপের বিরুদ্ধে বল্লিয়া জেলায় হত্যা ও হত্যার চেষ্টাসহ প্রায় ১২টি ফৌজদারি মামলা নথিভুক্ত রয়েছে। ছত্তিশগড়েও তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত আছে। সোশ্যাল মিডিয়ায় মান্নু ও রাজ কুমার সিংয়ের একসঙ্গে থাকা ছবি প্রকাশ্যে আসার পর তদন্তকারীরা তাদের যোগসূত্রও খতিয়ে দেখছেন। তাৎপর্যপূর্ণভাবে রাজ সিংও বল্লিয়ার বাসিন্দা। উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন কর্মী তথা মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে ৬ মে রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের কাছে গুলি করা হয়।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ঘটনার তদন্তে নেমে এই মামলায় পুলিশ মায়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। আদালত তিনজনকেই আগামী ২৪ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তাঁদের টানা জেরা করে একাধিক তথ্য পায় পুলিশ। জানা যায়, এসটিএফ ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে বিহারের বক্সার জেলা থেকে মায়াঙ্ক রাজ মিশ্র ও ভিকি মৌর্যকে এবং উত্তর প্রদেশ থেকে রাজ সিংকে গ্রেফতার করে। এই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছে ৫ জন। এবার আরও একজনকে গ্রেফতার করা হল। যদিও কি কারণে খুন? তা এখনও জানা যায়নি।