পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের রামপুরের বিখ্যাত ‘মহম্মদ আলী জোহর ইউনিভার্সিটি’-র ৪০টি ভবনের মধ্যে ৩৮টি ভবনই গুঁড়িয়ে দেওয়ার নোটিশ জারি করেছে যোগী প্রশাসন। রামপুর উন্নয়ন কর্তৃপক্ষ বা আরডিএ-র এই বিতর্কিত পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। ল বোর্ডের পক্ষ থেকে এই নোটিশকে “পক্ষপাতদুষ্ট, প্রতিহিংসামূলক এবং অন্যায়” বলে আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহার করার জোরদার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয় ‘মহম্মদ আলী জোহর ট্রাস্ট’ দ্বারা, যার চেয়ারম্যান বর্তমানে জেলবন্দি উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রবীণ নেতা আজম খান। অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টিও এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে অভিযোগ তুলেছে যে, রাজনৈতিক উদ্দেশ্যে এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে “বেছে বেছে নিশানা” করা হচ্ছে।

গত বুধবার (১৫ জুলাই) রামপুর উন্নয়ন কর্তৃপক্ষ এই ভাঙার নোটিশ জারি করে। আরডিএ-র দাবি, বিশ্ববিদ্যালয়ের এই ৩৮টি ভবন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বৈধ অনুমতি বা নকশা অনুমোদন ছাড়াই বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল।
এই দাবির জবাবে শুক্রবার (১৭ জুলাই) অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র এস কিউ আর ইলিয়াস একটি কড়া বিবৃতি জারি করেন। তিনি বলেন, এই পদক্ষেপ শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, এটি আসলে দেশের মুসলিম সম্প্রদায়ের শিক্ষাগত অগ্রগতির ওপর এক বড় আঘাত। বিবৃতিতে ইলিয়াস উল্লেখ করেন, "যেখানে দেশের মুসলিমদের শিক্ষাগত অনগ্রসরতা দূর করতে সরকারগুলি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সেখানে জনসাধারণের উদ্যোগ, আত্মত্যাগ এবং দীর্ঘদিনের প্রচেষ্টায় গড়ে ওঠা একটি প্রতিষ্ঠানকে আইনি ও প্রশাসনিক অজুহাতে এভাবে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।"