পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের খানা জংশন এবং তালিতের মাঝে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে হঠাৎই ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে ব্যাপক আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। তবে রেলকর্মীদের দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বিকেলে ধানবাদ থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ২২৩৮৭ ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। যাত্রীদের একাংশের দাবি, পানাগড়ের কাছে ট্রেনটিতে প্রথমবার কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ট্রেনটি খানা জংশন পেরিয়ে আসার পর, ইঞ্জিনের ঠিক পিছনের কামরার চাকার নীচ থেকে আচমকা ধোঁয়া ও আগুন বের হতে দেখেন যাত্রীরা।
বিপদ বুঝে দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং তালিত স্টেশনের কাছে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। খবর পেয়েই রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলেন।আরও পড়ুন:
এই ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শিবরাম মাঝি জানিয়েছেন, মূলত ব্রেক বাইন্ডিংয়ের কারণেই ইঞ্জিনের ঠিক পিছনের কামরার চাকায় এই বিপত্তি ঘটেছিল। তিনি জানান, রাত পৌনে আটটা নাগাদ তালিতের কাছে এই যান্ত্রিক সমস্যাটি দেখা দেয়। এরপর দ্রুত মেরামতির কাজ শেষ করে রাত ৮টা ২০ মিনিট নাগাদ ট্রেনটি ফের তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। সময়মতো পদক্ষেপ নেওয়ার ফলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি।