পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের নয়ডায় একটি পাঁচতলা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে দু'জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ফেজ-৩ থানার অন্তর্গত সেক্টর ৬৬-এর মামুরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বহুতলের একতলার পার্কিং জোনে একটি ইলেকট্রিক স্কুটার চার্জ দেওয়ার সময় স্ফুলিঙ্গ থেকেই এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান। দ্রুত সেই আগুন পার্কিংয়ে থাকা অন্যান্য গাড়িতে ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
আরও পড়ুন:
অগ্নিকাণ্ডের জেরে বহুতলটির ভিতরে প্রায় ৫০টি পরিবারের একশোরও বেশি মানুষ আটকে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন, হাইড্রোলিক প্ল্যাটফর্ম এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। দমকলকর্মীরা সিঁড়ি এবং পাশের বাড়ির ছাদের সঙ্গে মই লাগিয়ে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করেন। গৌতম বুদ্ধ নগরের যুগ্ম পুলিশ কমিশনার রাজীব নারায়ণ জানিয়েছেন, আগুনের চেয়ে ধোঁয়া দ্রুত ওপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি বেশি বিপজ্জনক হয়ে ওঠে।
ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়া দু'জনকে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।আরও পড়ুন:
এই ঘটনার পর ইতিমধ্যেই ওই বহুতলের মালিককে পুলিশ হেফাজতে নিয়েছে প্রশাসন। ফেজ-৩ থানায় এই বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঠিক কী কারণে এই বিধ্বংসী আগুন লাগল, তা নিশ্চিত করতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বৈদ্যুতিক যান চার্জ করার সময় হওয়া স্পার্কিং থেকেই এই বিপত্তি বলে পুলিশের প্রাথমিক ধারণা।