পুবের কলম ওয়েব ডেস্কঃ তামিলনাড়ুর পর এবার ভয়ঙ্কর বিস্ফোরণ কেরলে। রাজ্যের ত্রিশূর জেলায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। মঙ্গলবার বিকেল প্রায় তিনটে নাগাদ মুন্দাথিকোড় অঞ্চলের একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম হয়েছেন ৪০ জনের বেশি মানুষ। জানা গিয়েছে, আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা ত্রিশূর পুরম উৎসবকে ঘিরেই ওই কারখানায় বাজি তৈরির কাজ চলছিল।

এই উৎসবের অন্যতম আকর্ষণ "ভেদিক্কেট্টু" যেখানে বাজির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়। অনেকেই প্রথমে ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। পরে জানা যায়, ধানক্ষেতের মাঝে অবস্থিত ওই কারখানাতেই বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। তবে উদ্ধারকাজ চলাকালীন আবারও একটি বিস্ফোরণ ঘটে, যার ফলে কাজ সাময়িকভাবে ব্যাহত হয়। দমকল কর্মীদের মতে,  অতিরিক্ত তাপমাত্রা এবং প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, আহতদের ত্রিশূর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালেও ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা সংকটজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে আশপাশের হাসপাতালগুলিকেও সতর্ক রাখা হয়েছে। ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। কেরল পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। উল্লেখ্য, এর মাত্র দু’দিন আগেই তামিলনাড়ুর একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছিল, যা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।