পুবের কলম ওয়েব ডেস্কঃ বাংলাদেশে হামের উপসর্গে শিশু মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হল আরও ১৭ শিশুর। এরফলে এখনও পর্যন্ত দেশটিতে হামে শিশু মৃত্যু বেড়ে হল ৫৪৫ জন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, ২৪ মে সকাল ৮টা থেকে ২৫ মে সকাল ৮টার মধ্যে হামের উপসর্গ থাকা ১৬ শিশু মৃত্যু হয়েছে এবং ১ শিশুর মৃত্যু হামের কারণে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে জানা গিয়েছে, গত ১৫ মার্চ থেকে সারাদেশে হামজনিত কারণে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে ৮৭ শিশুর মৃত্যু নিশ্চিত হামের কারণে হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও, ৪৫৮ শিশুর মৃত্যু হামের কারণে হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এরমধ্যে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ৬ শিশুর মৃত্যু হয়েছে।

শুধু ঢাকা জেলাতেই পাঁচটি মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে শুধু মৃত্যুর ঘটনায় বাড়ছে না। লাফিয়ে লাফিয়ে সংক্রমণের ঘটনাও বাড়ছে। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে ১,১২৭ শিশুর মধ্যে নতুন করে হামেরর উপসর্গ দেখা গিয়েছে।
এছাড়াও, ৯৭ শিশুর মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা গিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। 

বাংলাদেশের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, ১৫ মার্চ থেকে দেশটিতে ৬৪,৯৪০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছে। এছাড়া, ৮,৭১৯ জন নিশ্চিতভাবে হামে সংক্রমিত হয়েছে বলে জানানো হয়েছে। আরও জানা গিয়েছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ থাকায় ৫১,৫৮৫ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭,৬১৯ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তরফে নিয়মিত বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে।