পুবের কলম ওয়েব ডেস্ক: ইসরায়েলি হামলায় গুরুতর আহত ফিলিস্তিনের জাতীয় যুব দলের খেলোয়াড় ফাদি হামদাল্লাহ আল-নাসান মারা গেল। ১৭ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার বেশ কিছুদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিল। শনিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনি কর্মকর্তা ও ফাদির পরিবারের সদস্যরা। গত ১১ জুলাই অধিকৃত পশ্চিম তীরের নিজ গ্রাম আল-মুঘাইয়িরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি হামলার সময় সে গুলিবিদ্ধ হয়।
আরও পড়ুন:
ফাদি স্থানীয় আল-মুঘাইয়ির ক্লাবের পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় যুব দলের হয়েও খেলত। তার এই অকাল মৃত্যু পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনা এবং অবৈধ বসবাসকারীদের ক্রমবর্ধমান হিংসার বিষয়টি পুনরায় সামনে এনেছে। ১৯৬৭ সাল থেকে ইসরায়েল এই অঞ্চলটি দখল করে রেখেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সেখানে নিয়মিত অবৈধ বসতি স্থাপন চালিয়ে যাচ্ছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইসরায়েলের এই পদক্ষেপকে বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা বলে আখ্যা দিয়েছে।
আরও পড়ুন:
শনিবার কালো পোশাক পরা শত শত শোকাহত মানুষের উপস্থিতিতে রামাল্লার ফিলিস্তিন মেডিক্যাল কমপ্লেক্স থেকে ফাদির মরদেহ তাঁর নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁকে দাফন করা হয়। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ফাদির ঊরু মারাত্মকভাবে জখম হয়। এর ফলে পরবর্তীতে তাঁর একটি পা কেটে ফেলতে হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই আঘাতেই তাঁর মৃত্যু ঘটে। সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনের অন্তত ১ হাজার ১৩ জন শহীদ হয়েছেন, যার মধ্যে ৫৬৮ জনই ফুটবল পরিবারের সদস্য।