বিশ্বকাপের ফাইনালে আজ রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচ শুরুর আগেই কথার লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দুই শিবির। আর্জেন্টিনার আগ্রাসী খেলার ধরন এবং রেফারিং নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে। তাঁর অভিযোগ, টুর্নামেন্টে আর্জেন্টিনার কিছু ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই থেকে যাচ্ছে।
আরও পড়ুন:
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, “ফুটবলের স্বাভাবিক আগ্রাসন নিয়ে আমার কোনো সমস্যা নেই, যদি রেফারি সঠিকভাবে দায়িত্ব পালন করেন এবং নিয়মের মধ্যেই খেলার সুযোগ দেন।
কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা এমন কিছু ঘটনা দেখেছি, যা সত্যিই অবাক করেছে। কিছু আচরণ বা ফাউল কোনো শাস্তি ছাড়াই পার পেয়ে যাচ্ছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে, যা অনেক প্রশ্নের জন্ম দেয়।”আরও পড়ুন:
লাপোর্তের মতে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, এ ধরনের সিদ্ধান্ত একটি দলের ভাগ্য বদলে দিতে পারে এবং খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে।
তাই বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা রেফারিদের দায়িত্ব।আরও পড়ুন:
নিজেদের খেলার ধরন সম্পর্কে স্পেনের এই ডিফেন্ডার বলেন, “যদি কয়েকজন খেলোয়াড়কে এ ধরনের বেপরোয়া আচরণের সুযোগ দেওয়া হয়, তাহলে পুরো খেলাটাই বিশৃঙ্খল হয়ে যাবে। টুর্নামেন্টজুড়ে আমরা পরিচ্ছন্ন ফুটবল খেলেছি। আমরা প্রতিপক্ষকে আঘাত করার চেষ্টা করি না বা বেপরোয়া ফাউল করি না। ফাইনালেও সেই ধারাই ধরে রাখতে চাই।
তবে ম্যাচের অনেক কিছুই রেফারিংয়ের ওপর নির্ভর করবে।”আরও পড়ুন:
অন্যদিকে, লাপোর্তের অভিযোগ এবং আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে—এমন আলোচনা একেবারেই উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।
আরও পড়ুন:
সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, “এমনকি ১৯৮৬ সালেও, যখন আমরা বিশ্বকাপ জিতেছিলাম, তখনও বলা হয়েছিল আমরা বিশেষ সুবিধা পাচ্ছি। তাই এসব আমাদের কাছে নতুন নয়। আর্জেন্টিনা সবসময়ই এই টুর্নামেন্টে শক্তিশালী দল হিসেবে খেলেছে। আমরা এসব সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখি। খেলোয়াড়দেরও দেখাই যে, বাইরে এমন মানুষ আছেন যারা চান না আর্জেন্টিনা জিতুক। ফুটবলে এসব খুবই স্বাভাবিক।”