কমনওয়েলথ গেমসে সাফল্যের ধারা বজায় রাখলেন ভারতীয় অ্যাথলিটরা। সোমবার গভীর রাতে ভারতের ঝুলিতে যোগ হলো আরও একটি সোনা। মহিলাদের এফ-৫৭ প্যারা শটপুট ফাইনালে স্বর্ণপদক জিতলেন শর্মিলা ধনকার।

৪০ বছর বয়সি শর্মিলা ফাইনালে মোট ছয়টি থ্রো করেন। এর মধ্যে তাঁর সেরা থ্রো ছিল ৯.৮১ মিটার, যা তাঁকে এনে দেয় স্বর্ণপদক।

একই ইভেন্টে ৭.২৬ মিটার থ্রো করে ব্রোঞ্জ জেতেন ভারতের শিল্পা কে. শায়লা।

ভারোত্তোলনের ৭৯ কেজি বিভাগেও ভারতের ঝুলিতে আসে একটি রুপো। ভল্লুরি অজয় বাবু স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ৩৩০ কেজি ওজন তুলে দ্বিতীয় হন। মাত্র এক কেজির ব্যবধানে সোনা হাতছাড়া হয় তাঁর। মালয়েশিয়ার হিদায়াত মোহাম্মদ ৩৩১ কেজি তুলে স্বর্ণপদক জেতেন।

এ ছাড়া ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও সাফল্য পেয়েছে ভারত। পুরুষদের হাই জাম্প ফাইনালে রুপো জিতেছেন অনিল কুশারে।

এর আগে সোমবার ভারোত্তোলনে জ্ঞানেশ্বরী যাদব রুপো এবং বিন্দ্যারানি দেবী ব্রোঞ্জ জিতেছিলেন। সব মিলিয়ে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। এর মধ্যে রয়েছে ২টি সোনা, ৫টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ। বর্তমানে পদক তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে।