ফুটবল মাঠে একের পর এক সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ পর্বে এসে টেলিভিশন ড্রামা সিরিজে যুক্ত হচ্ছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই পর্তুগিজ তারকা।

ব্রিটিশ ফুটবলকে ঘিরে নির্মিতব্য নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন রোনালদো। শুধু প্রযোজনাই নয়, সিরিজটিতে ক্যামেরার সামনেও বিশেষ উপস্থিতি থাকবে তাঁর। এই প্রকল্পে রোনালদোর সঙ্গে যুক্ত রয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরিও।

নতুন এই উদ্যোগ নিয়ে রোনালদো বলেন, “এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অধ্যায়। সামনে নতুন নতুন উদ্যোগের দিকে তাকিয়ে আছি।”

সিরিজটির সহ-প্রযোজক হিসেবে রয়েছেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের নির্মাতা হিসেবে পরিচিত। চলতি বছর রোনালদো ও ভন যৌথভাবে ইউআর-মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেন।

ম্যাথিউ ভন বলেন, “ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন, যা আমি কখনও লিখতে পারতাম না।

এখন তাঁর সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা ও টেলিভিশনের গল্প তৈরি করার অপেক্ষায় আছি।”

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, ‘ডে ওয়ানস’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’-র মতো হালকা মেজাজের না হয়ে এতে ফুটবল বিশ্বের কঠিন বাস্তবতা, তীব্র প্রতিযোগিতা, ব্যবসায়িক দিক এবং পর্দার আড়ালের নানা ঘটনা তুলে ধরা হবে।

ইতোমধ্যেই ইংল্যান্ডের ক্লাব বার্নেট এফসি-র মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে। বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে এর সম্প্রচারস্বত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু হতে পারে বলেও জানা গেছে।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি ডালটন, একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। এই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ডেমিয়ান লুইস, যিনি হোমল্যান্ড ও বিলিয়নস সিরিজে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত।