বিশ্বকাপ জয়ের আনন্দে যখন উল্লাসে ভাসছে স্পেন, তখন মাঠের এক আবেগঘন দৃশ্য জয় করে নিয়েছে কোটি ফুটবলপ্রেমীর মন। শিরোপা নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে সেই উদযাপনের সবচেয়ে আলোচিত মুখ ছিলেন তাঁর মাত্র তিন বছর বয়সী ছোট ভাই কিয়েন।

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর মা শেইলা এবানা, প্রেমিকা ইনেস গার্সিয়া এবং ছোট ভাই কিয়েনকে নিয়ে মাঠেই উদযাপনে মেতে ওঠেন ১৯ বছর বয়সী ইয়ামাল।

পরিবারের সঙ্গে তোলা ছবি ও ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে।

পুরো বিশ্বকাপজুড়েই গ্যালারিতে কিয়েনের উপস্থিতি ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ। কখনও উচ্ছ্বাস, কখনও বিস্ময়, আবার কখনও বড় ভাইয়ের খেলা দেখে আবেগঘন প্রতিক্রিয়া—সব মিলিয়ে ছোট্ট কিয়েন সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

ম্যাচ শেষে স্টেডিয়ামের বড় পর্দায় ছোট ভাইকে খুঁজে বের করে হাত নাড়ানোর ইয়ামালের মুহূর্তগুলোও ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়।

অন্যদিকে, ইয়ামালের মা শেইলা এবানা নিয়মিত সামাজিক মাধ্যমে কিয়েনের ছবি ও ভিডিও শেয়ার করায় শিশুটি আরও বেশি পরিচিতি পায়।

বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগাভাগি করতে মাঠে উপস্থিত ছিলেন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়াও। চলতি বছরের মে মাসে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন এই জুটি। 

ফ্যাশন ও বিউটি ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ইনেস বিশ্বকাপজুড়ে স্টেডিয়ামে উপস্থিত থেকে তাঁর সহজ-সরল উপস্থিতির জন্যও সমর্থকদের প্রশংসা কুড়িয়েছেন।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে স্পেনকে শিরোপা জেতানোর অন্যতম নায়ক ছিলেন লামিনে ইয়ামাল। তবে মাঠের বাইরের আবেগঘন মুহূর্তে ছোট ভাই কিয়েনও হয়ে উঠেছেন বিশ্বকাপের সবচেয়ে আলোচিত শিশু মুখগুলোর একজন।