পুবের কলম ওয়েব ডেস্ক: বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক ক্রমশ তুঙ্গে উঠছে। গৌরী স্প্র্যাটের সঙ্গে অভিনেতার বিয়ের জেরে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানাল একটি সংগঠন। মঙ্গলবার বিহারের ফোরবিসগঞ্জে সংগঠনের কর্মীরা আমির খানের বিরুদ্ধে 'লাভ জিহাদ' ছড়ানোর অভিযোগ তুলে তাঁর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান।
আরও পড়ুন:
গত ৫ জুলাই গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পরই এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গেরুয়া শাল গায়ে দেওয়া সংগঠনের কর্মীরা অভিনেতার কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে "আমির খান মুর্দাবাদ" এবং "আমির খান জিহাদি ভারত ছাড়ো"-র মতো স্লোগান দিচ্ছেন।আরও পড়ুন:
সংগঠনের স্থানীয় নেতা মনোজ সোনি একটি ভিডিও বার্তার মাধ্যমে অভিনেতার বিরুদ্ধে হিন্দু নারীদের বিয়ের নাম করে হিন্দু সমাজকে অপমান ও চ্যালেঞ্জ করার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, "তিনি বারবার একটি ধর্মের নারীদের বিয়ে করে সমাজে বিভেদ সৃষ্টি করছেন। যদি তিনি এই কাজ বন্ধ না করেন, তবে আমরা তাঁকে উচিত শিক্ষা দেব।
" মনোজ সোনি সরকারের কাছে অভিনেতার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।এই বিক্ষোভে অংশগ্রহণকারী এক মহিলা নেত্রীও অভিনেতার কড়া সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, "আপনি একজন তারকা, আপনার চেহারা সুন্দর। তাহলে যদি আপনি প্রকৃত মুসলিম হন, তবে কেন নিজের সম্প্রদায়ের মেয়েদের বিয়ে না করে বারবার অন্য সম্প্রদায়ের মহিলাদের বিয়ে করছেন?"
উল্লেখ্য, আমির খান এর আগে রীনা দত্ত এবং পরবর্তীকালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। এবার গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর বিয়ের খবরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।