পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির যন্তর মন্তরে নিট পরীক্ষার জালিয়াতির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন—কংগ্রেস নেতা ও বিরোধী দলনেতা রাহুল গান্ধির এই বিস্ফোরক অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কেন্দ্র। বুধবার লোকসভায় ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’-এর ওপর আলোচনার জবাবে পিএমও প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং স্পষ্ট জানান, বিক্ষোভকারীদের ওপর কোনো গুলিই চালানো হয়নি।
রাহুল গান্ধীর অভিজ্ঞতার অভাবকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রকাশ্যে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার আইনি এখতিয়ার কোনো মন্ত্রীর নয়, বরং ম্যাজিস্ট্রেটের।
আরও পড়ুন:
বিরোধী দলনেতা রাহুল গান্ধি সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই পুলিশকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তবে সেই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ বা প্রমাণীকরণ পেশ করতে পারেননি তিনি।
এর কড়া জবাব দিয়ে জিতেন্দ্র সিং বলেন, “প্রথম ও মৌলিক বিষয়টি হলো তাঁর জানা উচিত, যখন কোনো গুলিই চালানো হয়নি, তখন নির্দেশ দেওয়ার প্রশ্নই তো ওঠে না! (যব গুলি চলি হি নহী, তো আদেশ দেনে কা সওয়াল হি পৈদা নহী হোতা)। যন্তর মন্তরে কেবল টিয়ার গ্যাসের শেল ব্যবহার করা হয়েছিল, কোনো ধরনের গুলি চালানো হয়নি।”আরও পড়ুন:
রাহুল গান্ধির অন্যান্য দাবিগুলিকেও তথ্যপ্রমাণসহ খণ্ডন করেন কেন্দ্রীয় মন্ত্রী। অমিত শাহের কনভয়ে ৩০টি গাড়ি থাকে বলে রাহুল গান্ধি যে দাবি করেছিলেন, তা উড়িয়ে দিয়ে জিতেন্দ্র সিং কটাক্ষ করে বলেন, বিরোধী দলনেতা বোধহয় গণনাই ঠিকমতো জানেন না। সাংসদ হিসেবে রাহুলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে জিতেন্দ্র সিং বলেন, তথ্য যাচাই না করে দায়িত্বজ্ঞানহীনভাবে সংসদে মন্তব্য করা এবং সেশন ছেড়ে চলে যাওয়া একজন দায়িত্বশীল বিরোধী দলনেতার আচরণ হতে পারে না।