পুবের কলম, ওয়েবডেস্ক: নিট প্রশ্নফাঁস এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় কেন্দ্রকে কোণঠাসা করতে এবার চরম রাজনৈতিক সংঘাতের পথ বেছে নিল বিরোধী শিবির। মঙ্গলবার দিল্লির ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে নজিরবিহীন অবস্থান ধর্নায় বসেন কংগ্রেসের শীর্ষ নেতারা। এই ঘটনার পর স্থানটিতে তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং দিল্লি পুলিশ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ভাদ্রাসহ একাধিক প্রবীণ কংগ্রেস নেতাকে আটক করে। প্রায় আট ঘণ্টা আটকে রাখার পর মঙ্গলবার রাত ৯টা নাগাদ রাহুল ও প্রিয়াঙ্কাকে ছেড়ে দেয় পুলিশ। আটক থাকাকালীনই এক ভিডিও বার্তায় মোদি সরকারের কাছে ৫ দফা স্পষ্ট দাবি পেশ করেন রাহুল গান্ধি।
আরও পড়ুন:
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির দাবি- ১. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ। ২. সোমবার শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালানো পুলিশ কর্মীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার। ৩. সোমবারের পুলিশি আক্রমণের ঘটনায় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৪. সংসদে অবিলম্বে এই পুরো বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিতর্ক করতে হবে। ৫. দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারসাধন করতে হবে।
আরও পড়ুন:
দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার বর্তমান হাল নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ভিডিও বার্তায় রাহুল গান্ধি বলেন, "কেন ভারতের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে? কেন বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে? ভারতে শিক্ষা এত ব্যয়বহুল কেন? কেন সন্তানদের পড়াশোনা করাতে গিয়ে পরিবারগুলিকে আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে? এগুলো অত্যন্ত ন্যায্য প্রশ্ন, আর এই প্রশ্ন তোলার মধ্যে বিন্দুমাত্র ভুল নেই।" তিনি স্পষ্ট করে জানান, বুধবার সংসদ শুরু হতেই লোকসভা ও রাজ্যসভা— উভয় কক্ষেই বিরোধীরা এই ইস্যুতে আলোচনা চায়।